মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

প্রকাশ:

মক্কা ও মদিনা সারা বিশ্বের মুসলমানদের জন্য ঐক্যের প্রতীক। তাই পবিত্র এই দুই নগরীর ওপর যেকোনো ধরনের হুমকি আসলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রাঙ্গণে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন, বিষয়টি কেবল কূটনীতি নয়, এর সাথে ধর্মীয় আবেগ জড়িত। সুতরাং মক্কা ও মদিনার ওপর কোনো হুমকি আসে, আর বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা বসে থাকব না। অবশ্যই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব।

এর আগে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে দেশের পররাষ্ট্রনৈতিক অবস্থান ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপে মক্কা চুক্তি বা মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণ এবং প্রয়োজনে সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এখনো এই জোটে যোগ দেয়নি। তিনি বলেন, জোটে যোগ না দেওয়ায় এই মুহূর্তে সেনা পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। তবে সৌদি আরবের সাথে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির ক্রাউন প্রিন্সকে চিঠি দিয়েছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন। যদি এই মুহূর্তে সৌদি আরবের প্রয়োজন হয় এবং তারা আমাদের কাছ থেকে সৈন্য চান, আমরা কি সৈন্য পাঠাবো।

সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলায় জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। জ্বালানি মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে, তাই সরবরাহ নিয়ে বড় কোনো শঙ্কা দেখছে না সরকার। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বজুড়েই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানি সহযোগিতার ওপর কোনো প্রভাব পড়বে কিনা— জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা কোনো অসুবিধা দেখছি না। প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি শিগগিরই এই অবস্থার অবসান ঘটবে। তাকে হুতি-সৌদি সংঘাত, মধ্যপ্রাচ্যভিত্তিক বাংলাদেশের জ্বালানি নির্ভরতা, প্রবাসী বাংলাদেশসহ চলমান নানা বিষয়ে প্রশ্ন করা হয়।

রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি জানান, ওই ঘটনায় ২৪ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিরীহ মানুষের প্রাণহানি ও পরিবার ধ্বংসের এই পরিস্থিতির দ্রুত অবসান কামনা করেন তিনি।

শেয়ার করুন