ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, ডেঙ্গু বিস্তার রোধে আগামী কয়েক মাস অত্যন্ত সংকটপূর্ণ। এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। বিশেষ করে যে এলাকাগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, সেসব স্থানে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন সরকারপ্রধান।

হাসান শিপলু আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সচেষ্ট হওয়ার পরামর্শ দিয়েছেন। এর অংশ হিসেবে পাড়ায়-পাড়ায় মাইকিং এবং মসজিদের জুমার খুতবায় ডেঙ্গু থেকে সুরক্ষার উপায় সম্পর্কে মুসল্লিদের সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সভায় কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দিয়ে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন