ইউক্রেনে পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া: সতর্কবার্তা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ:

ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা অব্যাহত রাখায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, এই ক্ষয়িষ্ণু যুদ্ধ ভ্লাদিমির পুতিনকে তার ‘সর্বশেষ বিকল্প’ অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করতে পারে। তিনি উল্লেখ করেন, এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি এবং বিষয়টি নিয়ে পশ্চিমা অংশীদারদের সঙ্গে আলোচনা হয়েছে। আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, দীর্ঘস্থায়ী এই যুদ্ধ যদি রণক্ষেত্রের গণ্ডি পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে গুরুতর প্রভাব ফেলতে শুরু করে, তবে বৈশ্বিক নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।

যুদ্ধ আরও তীব্র করার লক্ষ্যে পুতিন নতুন করে ৫ লাখ সৈন্য সমাবেশের পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি জানান, আগামী ২১ সেপ্টেম্বর দুমা নির্বাচনের পরপরই পুতিন এই পদক্ষেপ নেবেন। তিনি আরও বলেন, সমাজের ভয়ে প্রকাশ্যভাবে না করে গোপনে এই সৈন্য সংগ্রহ করা হবে। সঠিক প্রশিক্ষণ ছাড়া বিপুল পরিমাণ সেনা মাঠে পাঠালে যুদ্ধে প্রাণহানি আরও বাড়বে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী উভয় দেশই দূরপাল্লার হামলা বাড়িয়েছে, যা বেসামরিক প্রাণহানি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর বিপরীতে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ কামানের গোলাবর্ষণে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এই সংঘাতের তীব্রতা যে পর্যায়ে পৌঁছেছে, তা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত রাতে ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। অপরদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া তাদের লক্ষ্য করে রাতভর ১২৬টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউনাইটেড২৪ এবং জেলেনস্কির পোস্ট থেকে প্রাপ্ত তথ্যে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে।

শেয়ার করুন