কাতারে সুন্নাহর গুরুত্ব প্রচারে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি

প্রকাশ:

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর মর্যাদা, গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে তা অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় একটি বিশেষ প্রচারাভিযান শুরু করেছে। ‘বায়দা…

মিন ওয়াহই আল-সামা’ (আসমানি ওহি থেকে অনুপ্রাণিত) শীর্ষক এই প্রচারাভিযান ২ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এর মাধ্যমে ইসলামি শরিয়তের অন্যতম মূল উৎস হিসেবে সুন্নাহর অবস্থান, কোরআনের সঙ্গে এর যোগসূত্র এবং রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের অনুসরণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

জুমার খুতবায় আলোকপাত

দেশটির বিভিন্ন মসজিদে জুমার খুতবার মাধ্যমে প্রচারের প্রধান বিষয়গুলো মুসল্লিদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এ সংক্রান্ত কার্যক্রমের উল্লেখযোগ্য কিছু দিক হলো

  • ৬ নভেম্বরের খুতবার বিষয়: ‘সম্পদ একটি আমানত: স্থায়ী কল্যাণের গুরুত্ব’ আলোচনা করা হয়েছে।
  • ১৩ নভেম্বরের খুতবার বিষয়: ‘অপচয় করবেন না: ভোগের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা’ শীর্ষক আলোচনা হয়েছে।

খুতবাগুলোতে দৈনন্দিন আর্থিক লেনদেন ও সামাজিক আচরণের ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে সততা, মিতব্যয়িতা, সম্পদের সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের পাশাপাশি অপচয় বর্জনের আহ্বান জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে ধর্মীয় ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জুমার খুতবা একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে ইসলামের শাশ্বত নীতিমালাগুলোকে দৈনন্দিন জীবনের সাথে সংগতিপূর্ণ করে তোলা এবং নবীজির সুন্নাহর চর্চাকে আরও গতিশীল করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন