গাজা উপত্যকায় শান্তি ফেরানোর প্রচেষ্টায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন বলে অভিযোগ করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। তাঁর ভাষ্যমতে, গাজা চুক্তির অধীনে ইসরায়েল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পালন করা হচ্ছে না। উল্টো নেতানিয়াহু ও তাঁর উগ্র ডানপন্থী জোটের রাজনৈতিক স্বার্থকে শান্তি পরিকল্পনার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, ইতোমধ্যেই গাজা চুক্তির একাধিক শর্ত লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর ফলে গাজায় চলমান প্রাণহানি থামছে না এবং অবরুদ্ধ এই এলাকায় প্রয়োজনীয় মানবিক ত্রাণ পৌঁছাতেও ইসরায়েল ক্রমাগত বাধা সৃষ্টি করছে। এর আগেও শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি ইসরায়েলের এই অসহযোগিতামূলক আচরণের সমালোচনা করেছিলেন।
বর্তমান পরিস্থিতির মধ্যেও কাতারসহ সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। গাজা যুদ্ধের শুরু থেকেই মধ্যস্থতার দায়িত্বে থাকা কাতারের প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থান চলমান শান্তি আলোচনার ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: গালফ বাংলা








