সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকারের অপসারণের দাবিতে মঙ্গলবার উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে চরম অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে প্রচলিত সব নিয়মনীতি উপেক্ষা করে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা এই ঘটনার সঠিক তদন্ত এবং ইউএনও’র অপসারণ দাবি করেন।
দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া বলেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন ছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
অবস্থান কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা ইউএনও’র অপসারণ এবং বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান সাজু, সদস্য সচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সূত্র: Daily Amar Desh








