প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিকী, কারামুক্তিতে বাধা নেই

প্রকাশ:

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আইনজীবীদের তথ্য অনুযায়ী, এই জামিন আদেশের ফলে বিদিশার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।

২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ড ঘোষণার পর গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ কারাগারে পাঠায়। পরে কারাবন্দি অবস্থায় তিনি হাইকোর্টে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন।

শেয়ার করুন