চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার (২ আগস্ট) সকালে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেছিলেন। রফিউদ্দিন বিদেশে থাকাকালীন ছনিয়া এক ইতালি প্রবাসীর সঙ্গে চলে যান, যা পরবর্তীতে থানায় সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ছনিয়া ওই ইতালি প্রবাসীর সঙ্গেই থেকে যান।
পরবর্তীতে রফিউদ্দিন দেশে ফিরে একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের এক বছর পার না হতেই রফিউদ্দিন তার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনকে পুনরায় বিয়ে করে তাকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। এই ঘটনায় দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরেই রোববার সকাল ১০টার দিকে বুলডোজার ব্যবহার করে রফিউদ্দিনের বসতবাড়িটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, মুকুল হোসেনের মেয়ে রিমা অত্যন্ত ভদ্র ও অমায়িক একজন মানুষ। তার জীবনের সঙ্গে এমন আচরণ করা মোটেও কাম্য নয়। তবে তিনি মনে করেন, ক্ষুব্ধ হলেও এভাবে বাড়িঘর ভেঙে না ফেলে আইনি পথে প্রতিকার খোঁজা উচিত ছিল।
বিষয়টি সম্পর্কে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, তারা ঘটনার বিষয়ে অবগত আছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
সূত্র: Probash Khabor








