বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে এখনই সারা দেশে বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আপাতত সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া তথ্যে জানানো হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর বাইরে দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এদিন সন্দ্বীপ ও আমবাগানে দেশের সর্বোচ্চ ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের তেঁতুলিয়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বর্তমান লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হওয়ার পথে রয়েছে। এর প্রভাবে অক্টোবর মাসের শেষ দিকে উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা ইউনিটের উপপরিচালক উর্মী আহসান জানিয়েছেন, সাগরে লঘুচাপ তৈরি হওয়া একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কৃষকদের আগাম সতর্কবার্তার প্রয়োজন হলে তা সরকারি ওয়েবসাইট ও মাধ্যমগুলোতে জানিয়ে দেওয়া হবে। তাই যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে কেবল সরকারি অনুমোদিত সংস্থার তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
সূত্র: যুগান্তর








