সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের অভিবাসন ঋণসেবা চালু হওয়ার পর থেকে এক বছরের ব্যবধানে প্রবাসীকল্যাণ ব্যাংক ২০০ কোটি টাকারও বেশি ঋণ অনুমোদন করেছে। গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি উন্মুক্ত করার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের আবেদন করেছেন। বর্তমানে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত সম্পন্ন হচ্ছে, যেখানে আবেদন থেকে চূড়ান্ত অনুমোদন পেতে মাত্র ৩ থেকে ৪ দিন সময় লাগছে। শনিবার এটুআই কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অগ্রগতির তথ্য জানানো হয়েছে।
এই ডিজিটাল সেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। বিদেশযাত্রার ক্ষেত্রে প্রকৃত ব্যয় যাচাই-বাছাই করেই ঋণের পরিমাণ চূড়ান্ত করা হয়। পরীক্ষামূলক কার্যক্রম শেষে বর্তমানে প্রবাসীকল্যাণ ব্যাংকের ১২২টি শাখায় এই ডিজিটাল সেবা বিস্তৃত করা হয়েছে। আগে অভিবাসন ঋণের জন্য বারবার ব্যাংকে ছুটতে হতো, যা আবেদনকারীদের সময় ও অর্থের অপচয় ঘটাত। এখন অনলাইনে আবেদনের সুযোগ তৈরি হওয়ায় ঘরে বসেই ঋণের অগ্রগতির অবস্থা জানা সম্ভব হচ্ছে, ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও ব্যাংকে যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমেছে।
প্রবাসীকল্যাণ ব্যাংকের এক জরিপ অনুযায়ী, এই ডিজিটাল সেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত এবং আবেদনসংক্রান্ত খরচ ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের দাপ্তরিক কাজের চাপ কমেছে ৩০ শতাংশ এবং আবেদনের ক্ষেত্রে কাগজপত্রের ব্যবহার শতভাগ কমিয়ে আনা সম্ভব হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা এখন ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা গ্রহণ, ফি প্রদান ও আবেদনের হালনাগাদ তথ্য জানতে পারছেন।
সূত্র: প্রথম আলো








