যুক্তরাজ্যে রাশিয়ান গোয়েন্দা সহায়তার অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার

প্রকাশ:

রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তা ও গোপনীয় তথ্য সরবরাহ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় গ্লস্টার শহরের নিকটবর্তী এলাকা থেকে ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, তাকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ নম্বর ধারার অধীনে আটক করা হয়েছে। এই আইনগুলো মূলত সুরক্ষিত রাষ্ট্রীয় তথ্য সংগ্রহ, তা প্রকাশ এবং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার অপরাধের সঙ্গে সম্পর্কিত। পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, এই পুরো ঘটনার সাথে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, গ্রেপ্তারের ঘটনাটি গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগের সঙ্গে যুক্ত। বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য চরম উদ্বেগের। সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ এটাই মনে করিয়ে দেয় যে, প্রতিষ্ঠানের ভেতর থেকেই নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে, যা সব সময় বিদ্যমান থাকে। ব্রিটিশ পুলিশ আরও জানিয়েছে, এই গ্রেপ্তারের ঘটনাটি সন্ত্রাসবাদ দমনে চলমান অন্য কোনো তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়।

এই গ্রেপ্তারের ঠিক একদিন আগেই যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহকারী মার্কিন উড়োজাহাজ সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছিল। ইরানের হুমকির আশঙ্কায় এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গত সোমবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় রয়্যাল এয়ারফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে এই বিমানগুলো স্থানান্তর করা হয়। গত তিন মাসের মধ্যে নিরাপত্তা উদ্বেগের কারণে এমন বিমান সরিয়ে নেওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত সেপ্টেম্বরে রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকেও মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। যদিও যুক্তরাজ্যে কোনো হামলা বা এ ধরনের ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের হুমকির পরিপ্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। এসব বিমান ব্যবহার করেই ইরানে হামলা চালানো হয়েছিল। যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে গ্রেপ্তার ৫, সরিয়ে নেওয়া হয়েছে ৮৫ বাড়ির লোকজনকে। ‘হুমকি’র মুখে ব্রিটেনের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র, কমল ইরানে দ্রুত হামলার সক্ষমতা।

শেয়ার করুন