রোববার বাঁশখালী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, চলছে ব্যাপক প্রস্তুতি

প্রকাশ:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম তথা বাঁশখালী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার তার এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় সাজ সাজ রব পড়ে গেছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ওইদিন দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় পৌঁছাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন এবং তাদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ বিতরণ করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী একজন স্বামীহারা নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার মাধ্যমে প্রতীকীভাবে মোট ১০০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের সূচনা করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই সফরকে সফল করতে বৃহস্পতিবার উপজেলার চেচুরিয়া এস কে কেবি কনভেনশন হলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সভায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলীয় প্রস্তুতি জোরদার করার বিষয়ে আলোচনা হয় এবং নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা প্রধানমন্ত্রীর এই সফরকে বাঁশখালীর জন্য একটি ঐতিহাসিক ও গৌরবের বিষয় হিসেবে অভিহিত করেন। লায়ন হেলাল উদ্দিন জানান, দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রীর বাঁশখালীতে আগমন স্থানীয়দের মাঝে ব্যাপক আবেগ ও উদ্দীপনা তৈরি করেছে। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর সফরকে সফল করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন