শিক্ষক নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ফেসবুক পোস্টে জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি নোটিশ প্রকাশের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

ফেসবুক পোস্টে দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এনটিআরসিএ-এর কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও গতিশীল করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও সুন্দরভাবে পরিচালনার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে বলেও নোটিশে জানানো হয়।

শেয়ার করুন