শেখ হাসিনার নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ নেতার চিঠি

প্রকাশ:

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে তার আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিতে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক উদ্যোগ দাবি করেছেন দেশটির ছয়জন রাজনীতিক। একই সঙ্গে বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক অপব্যবহার রোধ, নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক পদক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে চিঠি দিয়েছেন তারা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অন্য রাজনীতিকদের সঙ্গে যৌথভাবে তারা পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ চিঠিটি পাঠান। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য—মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান।

চিঠিতে বৃটিশ সরকারের কাছে চার দফা দাবি

চিঠিতে যুক্ত রাজনীতিকেরা স্পষ্ট করেছেন যে, তারা শেখ হাসিনার জন্য কোনো ধরনের দায়মুক্তি বা আগাম বিচারিক সুবিধা চান না। তবে চিঠিতে মূলত চারটি প্রধান বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষে কূটনৈতিক পদক্ষেপের দাবি জানানো হয়েছে

  • শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে তার মৃত্যুদণ্ড কার্যকর না করার লিখিত নিশ্চয়তা অর্জন এবং গ্রেপ্তার বা আটকের ক্ষেত্রে নির্যাতন, গুম ও সহিংসতার ঝুঁকি থেকে সুরক্ষার ব্যবস্থা করা।
  • পছন্দ অনুযায়ী আইনি প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পূর্ণ আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করা।
  • জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় পুরো বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত এবং তা নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া।
  • রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসামূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শন রোধে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ দেওয়া।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ঢাকা মিশনের প্রতি আহ্বান

বব ব্ল্যাকম্যান তার নিবন্ধে উল্লেখ করেন, ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশ সরকার, বন্ধুপ্রতীম দেশগুলোর কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ভূমিকা রাখতে বলা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য সরকারের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সম্ভাব্য সময়সূচি লিখিতভাবে জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। ওই রায়ের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ যথাযথভাবে পালিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে। এছাড়া যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিধান বাস্তবায়নের বিরোধিতা করে থাকে।

শেয়ার করুন