সাজেকে অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গোলাগুলি

প্রকাশ:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই পরিস্থিতির সূত্রপাত হয়। এতে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়া পর্যটকবাহী গাড়িবহর আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ উদ্যোগ গ্রহণ করে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গোলাগুলির তথ্য নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকেও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে, যখন সাজেক থেকে খাগড়াছড়ির পথে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় অবরোধের মুখে পড়ে। বেলা ১১টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে পর্যটকদের গাড়িবহর খাগড়াছড়ির দিকে নেওয়ার চেষ্টা করলে অবরোধকারীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গোলাগুলির ঘটনা ঘটে। এলাকাটিতে সশস্ত্র তৎপরতা বন্ধ ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছিল। সংগঠন দুটির অভিযোগ, সশস্ত্র সদস্যদের হুমকির মুখে স্থানীয় বাসিন্দারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এর আগে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাঙামাটি জেলা প্রশাসন বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন