কাতারের মন্ত্রিসভা ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত সাধারণ খসড়া বাজেট আইন নীতিগতভাবে অনুমোদন করেছে। সংবিধান নির্ধারিত প্রক্রিয়া অনুসারে আইনটি পরবর্তী পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে শূরা কাউন্সিলে পাঠানো হচ্ছে। বুধবার (২১ অক্টোবর) আমিরি দেওয়ানে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাতার দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। বৈঠক শেষে সভার সার্বিক সিদ্ধান্ত ও প্রস্তাবনাসমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিচারমন্ত্রী ও মন্ত্রিসভা বিষয়ক প্রতিমন্ত্রী ইব্রাহিম বিন আলি আল মোহান্নাদি।
বৈঠকের সূচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক কাতার সফর এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের ইতিবাচক অর্জনকে স্বাগত জানান হয়। মন্ত্রিসভা উল্লেখ করে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা হয়েছে, যা প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি ও বিনিয়োগ খাতে যৌথ কৌশলগত অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করবে।
একইসঙ্গে কাতার-সিঙ্গাপুর যৌথ কমিটির (এইচএলজেসি) ৯ম বৈঠকের সাফল্য তুলে ধরা হয়, যার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হতে যাচ্ছে। পাশাপাশি গত ১৫ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় সহযোগিতা ও আস্থার ব্যবস্থাপনাবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) ৭ম শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের অংশগ্রহণ এবং সেখানে আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনারও প্রশংসা করা হয়।
আবাসন খাতের শৃঙ্খলায় ২০২৬ সালের ১১ নম্বর আইন তথা ‘মালিক সমিতি আইন’ বাস্তবায়নের খসড়া সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (রেরা) সঙ্গে সমন্বয় করে যৌথ মালিকানাধীন আবাসন বা প্রোপার্টি ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন সহযোগিতা চুক্তি ও দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক অনুমোদন লাভ করে আন্তর্জাতিক সমঝোতা স্মারক: ১।
- বেলজিয়ামের ফেডারেল পুলিশের সাথে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহযোগিতাসংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক।
- কাতার ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাতে যৌথ সহযোগিতাসংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক।
- কাতারের দোহা পৌরসভা এবং মিসরের কায়রো গভর্নরেটের মধ্যে সিস্টার-সিটি বা সিস্টারশিপ (Twinning) চুক্তি।
বৈঠকের শেষ পর্বে জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। এছাড়া ওমান ক্লাইমেট উইকে পরিবেশমন্ত্রীর অংশগ্রহণ এবং আবু ধাবিতে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ ও অপরাধ বিচারবিষয়ক ১৫তম জাতিসংঘ কংগ্রেসে বিচারমন্ত্রীর পেশ করা সারসংক্ষেপ প্রতিবেদন মূল্যায়ন করে মন্ত্রিসভা।
সূত্র: গালফ বাংলা








