ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

প্রকাশ:

ইউক্রেন ও পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন এলাকায় একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এই হামলায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তারা ওই এলাকা অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই এই আঘাত হানা হয়। কিয়েভে একটি আন্তর্জাতিক সম্মেলন শেষে ফেরার পথে বরিস জনসন ও বৃটেনের জোনাথন পাওয়েলসহ অন্য কর্মকর্তারা একই রেললাইন ব্যবহার করেছিলেন, তবে তারা অন্য ট্রেনে ছিলেন। রাশিয়ার দাবি, তারা রেল অবকাঠামো লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি উকরজালিজনিৎসিয়া মনে করছে, কূটনৈতিক ট্রেনটিই ছিল হামলার মূল লক্ষ্য। ঘটনার ঠিক ১৫ মিনিট আগে আক্রান্ত ট্রেনের যাত্রীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। ওই সময়ে সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস পাশের আরেকটি ট্রেনে অবস্থান করছিলেন।

সম্মেলনে অংশগ্রহণকারী সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ট জানান, নিরাপত্তার খাতিরে তাদের ট্রেন থামিয়ে সবাইকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছিল এবং পরে তারা নিরাপদে পোল্যান্ড পৌঁছান। এই হামলার ঘটনায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক জরুরি বৈঠক করেছেন। বরিস জনসন বলেন, ইউক্রেনীয়রা প্রতিনিয়ত এমন নিষ্ঠুর হামলার শিকার হচ্ছে এবং তিনি মিত্র দেশগুলোর কাছে ইউক্রেনের জন্য পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জোরালো আহ্বান জানান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সতর্ক করে বলেছেন, পুতিনের এই সন্ত্রাস সরাসরি ন্যাটো ও ইউরোপের দরজায় আঘাত করছে। বর্তমানে আকাশপথ বন্ধ থাকায় রেলপথই ইউক্রেনীয়দের যোগাযোগের প্রধান ভরসা হয়ে উঠেছে, অথচ রাশিয়া নিয়মিতভাবে ট্রেন ও স্টেশন লক্ষ্য করে হামলা জোরদার করছে।

শেয়ার করুন