ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বর্তমানে বেশ চাপের মুখে পড়েছেন তিনি। ইউরোপের প্রভাবশালী ফুটবল সংস্থা উয়েফা সরাসরি তাঁর ওপর থেকে আস্থা হারানোর কথা জানিয়েছে, পাশাপাশি কনকাকাফের পক্ষ থেকেও এসেছে কঠোর সমালোচনা। এমন প্রতিকূল পরিস্থিতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ইনফান্তিনোর সমর্থনে এগিয়ে এসেছে।
সম্প্রতি বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছেন ইনফান্তিনো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাতারের মতে, প্রস্তাবটিতে প্রতিটি সদস্য দেশকে এককালীন ২ বিলিয়ন ডলার প্রদানের মতো ইতিবাচক দিক থাকলেও, ইনফান্তিনো দূরদর্শিতার পরিচয় দিয়ে ঐক্যকে অগ্রাধিকার দিয়েছেন, যা প্রশংসনীয়।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, “প্রস্তাবটিতে পর্যালোচনার মতো কিছু ভালো দিক থাকলেও, বর্তমান সময়ে সব সদস্য অ্যাসোসিয়েশনের ধারাবাহিক ঐক্য বজায় রাখা এবং এই সিদ্ধান্তের পেছনের দূরদর্শিতাকেই আমরা প্রাধান্য দিচ্ছি। বিশ্বজুড়ে ফুটবলের বিকাশ ও প্রসারে সভাপতি ইনফান্তিনোর চলমান প্রচেষ্টার প্রতি আমরা পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি।”
২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে কাতারের এই বিবৃতি ইনফান্তিনোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন বড় বড় কনফেডারেশনগুলো সভাপতির বিরুদ্ধে সমালোচনায় মুখর, তখন কাতারের এই অবস্থান ইনফান্তিনোর পক্ষে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: গালফ বাংলা





