২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ: কেবল লড়াই নয়, জয়ের লক্ষ্য টাইগারদের

প্রকাশ:

দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফর নিয়ে দলের লক্ষ্য ও প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার রাতে দলের দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এবার কেবল প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

হাবিবুল বাশার বলেন, ২৩ বছর আগের সফর এবং বর্তমান সময়ের বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তখনকার প্রেক্ষাপটে মূল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে টিকে থাকা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তখনও ছিল, এখনও আছে। তবে আগে আমরা শুধু টিকে থাকার চেষ্টা করতাম। এবার আমরা ভালো কিছু করার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’

দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে প্রধান নির্বাচক জানান, অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে সবাই ভীষণ মুখিয়ে আছে। দলের প্রত্যেকেই নিজেদের ক্যারিয়ারে স্মরণীয় কিছু অর্জন করতে চায়। তিনি বলেন, ‘যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই উচ্ছ্বসিত। আমরা জানি কাজটা কঠিন, কারণ অস্ট্রেলিয়া শক্তিশালী দল। কিন্তু সফল হতে পারলে সেটি সবার জন্যই বড় অর্জন হবে।’

চোটের কারণে পূর্ণশক্তির দল নিয়ে যেতে না পারলেও হাবিবুল বাশার আশাবাদী। তিনি নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের উদাহরণ টেনে বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি। তখনও অনেক খেলোয়াড় ইনজুরিতে ছিল। তাই কিছুই অসম্ভব নয়। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।’ উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে এবং ২২ আগস্ট ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন