ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ঐতিহাসিক কাতার সফরকে কেন্দ্র করে দোহার লুসাইল প্রাসাদে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়। কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি আয়োজিত এই অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন। নৈশভোজ অনুষ্ঠানে আমিরের সহধর্মিণী হার হাইনেস শেখা জওয়াহের বিনতে হামাদ বিন সুহাইম আল থানি উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে কাতারের আমির দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও যৌথ মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বের সম্পর্ক তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা খাতের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ফলপ্রসূ ভূমিকা রাখবে।
জবাবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ কাতারের আমিরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দুই দেশের নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তিনি প্রযুক্তি, জ্বালানি ও বিভিন্ন শিল্প খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় ভবিষ্যৎমুখী সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ বিনিয়োগের লক্ষ্যে ‘ওয়ান প্ল্যানেট’ সাভরেন ওয়েলথ ফান্ডস উদ্যোগের আওতায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কাতারের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল থানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি, শেখ জসিম বিন খলিফা আল থানি এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি অন্যতম। এছাড়া শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিম, রাজপরিবারের সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রী এবং দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা এই রাজকীয় ভোজে অংশ নেন।
সূত্র: গালফ বাংলা








