মরিশাসে কর্মস্থলে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কারখানায় কাজ করতেন। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশের প্রাথমিক প্রতিবেদন বলছে, বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে কনটেইনার থেকে কাচের প্যানেল ভর্তি বাক্স নামাচ্ছিলেন ওই শ্রমিকরা। হঠাৎ ভারী বাক্সটি তাদের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে। খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
দুর্ঘটনার সঠিক কারণ এবং কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রবাসে তিন কর্মীর অকাল মৃত্যুতে সেখানে থাকা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: যুগান্তর








