ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ আশপাশের কয়েকটি এলাকায় শনিবার সন্ধ্যায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, এসব বিস্ফোরণের সঙ্গে ইরানের সামরিক তৎপরতার যোগসূত্র থাকতে পারে। তবে কোনো এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম দ্বীপে শোনা ওই শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই বলে তাদের একটি সূত্র দাবি করেছে। এদিকে রোববার ভোরে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণের কবলে পড়ে। জাহাজ দুটি অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে বাহিনীটি। তবে এই বিস্ফোরণের সঙ্গে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় শোনা শব্দগুলোর কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে দ্বীপটিতে মার্কিন বাহিনীর পক্ষ থেকে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছিল। মার্কিন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ওই হামলা ছিল অত্যন্ত সীমাবদ্ধ এবং এর মাধ্যমে বড় ধরনের কোনো সামরিক অভিযান পুনরায় শুরুর পরিকল্পনা নেই। সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
সূত্র: যুগান্তর








