বিপ্লব দিবসে অষ্টগ্রাম বিএনপিতে নীরবতা, ক্ষুব্ধ তৃণমূল

প্রকাশ:

বিএনপির রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর। দেশব্যাপী দলটি নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করলেও কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে চিত্রটি ছিল পুরোপুরি উল্টো। এ দিনটিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে ছিল না কোনো উল্লেখযোগ্য আয়োজন কিংবা দৃশ্যমান সাংগঠনিক তৎপরতা। এমনকি প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাতেও দেখা মেলেনি দলটির কোনো শীর্ষ নেতার।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীদের মতে, উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও সমন্বয়হীনতাই এমন নিষ্ক্রিয়তার মূল কারণ। দলীয় স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিক বলয় তৈরির প্রবণতা ও উপদলীয় বিভক্তির কারণে মাঠপর্যায়ের কার্যক্রম আজ স্থবির হয়ে পড়েছে। সংগঠনের এই ভঙ্গুর দশা এবং কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করার প্রবণতা তৃণমূলের কর্মীদের মাঝে চরম হতাশাও ক্ষোভের জন্ম দিয়েছে। দলীয় বৃহত্তর স্বার্থের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক অবস্থান ও পৃথক বলয় গড়ে তোলাকে কেন্দ্র করে নেতাকর্মীরা পৃথক পৃথক উপদলে বিভক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই মতপার্থক্য যখন সাংগঠনিক স্থবিরতা ও নিষ্ক্রিয়তায় রূপ নেয়, তখন মাঠপর্যায়ের সাংগঠনিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দলীয় কর্মসূচি পালন না করার বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ দাবি করেন, পারিবারিক জরুরি প্রয়োজনে তিনি গত এক মাসের বেশি সময় ধরে এলাকার বাইরে রয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের দাবি, অষ্টগ্রামে কর্মসূচি হওয়ার কথা থাকলেও তিনি নিজে সেই সময় কিশোরগঞ্জে অবস্থান করছিলেন। শীর্ষ দুই নেতার এমন দায়িত্বহীন বক্তব্যে স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জি. এম. মোশাররফ উদ্দিন হালিম এ বিষয়ে তীব্র হতাশা প্রকাশ করে বলেন, দিবসটি পালনে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে কোনো ধরনের নির্দেশনা না পাওয়াটা অপ্রত্যাশিত। এই দায়সারা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান দানা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা আগে আওয়ামী লীগের ভয়ে কর্মসূচি করতে পারতেন না বলে অজুহাত দিতেন, কিন্তু এখন কার ভয়ে তারা নীরব থাকলেন তা প্রশ্নবিদ্ধ।

ছাত্রদল ও যুবদলসহ বিএনপির সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কোনো তৎপরতা চোখে পড়েনি। রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ সময় ধরে সম্মেলন না হওয়া এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাবই সংগঠনটিকে আজকের এই নড়বড়ে অবস্থায় নিয়ে এসেছে। নিয়মিত সাংগঠনিক কার্যক্রম না থাকায় মাঠপর্যায়ের কর্মীরা সাংগঠনিক উদ্দীপনা হারিয়ে ফেলছেন।

অষ্টগ্রাম উপজেলা বিএনপির বর্তমান এই স্থবিরতা কাটিয়ে উঠতে হলে দলীয় বিভেদ নিরসন এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। নেতাকর্মীদের মতে, সঠিক নেতৃত্ব ও সমন্বয়হীনতা দূর করতে না পারলে আগামী দিনে বড় ধরনের সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে উপজেলা বিএনপিকে।

শেয়ার করুন