ইরানের কয়েকটি নতুন ক্ষেপণাস্ত্র এখন আকাশে উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, উত্তরাঞ্চলীয় কাজভিন শহরে এক অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহাবি এই দাবি করেন।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র এখন আর আগের মতো নয়, যেগুলো শুধু একটি স্থান থেকে উৎক্ষেপণ হয়ে অন্য একটি নির্দিষ্ট স্থানে গিয়ে আঘাত হানে। মোহাবির দাবি, কিছু ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় নিজেদের গতিপথ পরিবর্তন করে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই এড়িয়ে যেতে সক্ষম।
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে এসব সক্ষমতা ব্যবহারের দাবি করে তিনি বলেন, ইরান প্রতিপক্ষের ক্ষমতার নেটওয়ার্কের বিভিন্ন অংশকে লক্ষ্যবস্তু করতে এই প্রযুক্তি ব্যবহার করেছে। মোহাবি আরও জানান, ইরানের প্রযুক্তিগত যুদ্ধের লক্ষ্য কেবল ভবন বা সামরিক সরঞ্জাম ধ্বংস নয়, বরং প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণব্যবস্থা ও প্রতিরক্ষা নেটওয়ার্কেও আঘাত হানা।
সূত্র: Probash Khabor








