যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির

প্রকাশ:

রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেলে রাশিয়ার ছোড়া সব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হবে। বর্তমানে কিয়েভের হাতে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মাত্র এক-দশমাংশ মজুত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলেনস্কি জানান, গত বছরের তুলনায় চলতি বছর তাদের কাছে আড়াই গুণ কম ক্ষেপণাস্ত্র রয়েছে, অথচ একই সময়ে রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলের পর গত জুলাই মাস ছিল ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়। জেলেনস্কির মতে, যুক্তরাষ্ট্রের মজুতের মাত্র ৫ শতাংশ ক্ষেপণাস্ত্র পেলেও আসন্ন শীতকালে সাধারণ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বিশ্বজুড়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ইউক্রেনের ওপর। জেলেনস্কি জানান, প্রতিরোধী এই ক্ষেপণাস্ত্র জোগাড় করতে তিনি প্রতিদিন অসংখ্য ফোন কল এবং নানা অপ্রকাশযোগ্য কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ন্যাটোর আঙ্কারা সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়ার আশ্বাস দিলেও বর্তমানে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

হোয়াইট হাউসের সহায়তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও সম্প্রতি কথা বলেছেন বলে জানান জেলেনস্কি। শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে তিনি স্পষ্ট করেন যে, ডনবাসের ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়। এছাড়া পুতিন ন্যাটোভুক্ত ছোট কোনো বাল্টিক দেশে হামলা চালিয়ে বড় ধরনের বিজয়ের চেষ্টা চালাতে পারেন বলে পশ্চিমা দেশগুলোর মূল্যায়নের সঙ্গেও তিনি একমত পোষণ করেছেন।

শেয়ার করুন