কাতারের আবু সামরা স্থল সীমান্ত ক্রসিং দিয়ে দেশে অবৈধ মাদক পাচারের একটি বড় প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে জেনারেল অথরিটি অব কাস্টমস। নিয়মিত তল্লাশির সময় কর্তব্যরত শুল্ক কর্মকর্তাদের সতর্কতায় এই চোরাচালান শনাক্ত করা সম্ভব হয়।
স্থল সীমান্ত দিয়ে আসা এক যাত্রীর লাগেজ ও পরা পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ হাশিশ ও শাবুসহ মোট ২৪.৩৯ গ্রাম মাদকদ্রব্য এবং ৩০টি লাইরিকা ট্যাবলেট উদ্ধার করেন কর্মকর্তারা। তল্লাশি ও পরিদর্শনের সময় এসব নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়।
কাতারের ল্যান্ড কাস্টমস বিভাগ জানিয়েছে, দেশে সব ধরনের মাদকদ্রব্য ও ক্ষতিকর নিষিদ্ধ সামগ্রীর চোরাচালান প্রতিরোধে প্রতিটি স্থল সীমান্ত ক্রসিংয়ে শুল্ক ও নিরাপত্তা পরিদর্শনের পাশাপাশি আধুনিক নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কাতার কর্তৃপক্ষ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: গালফ বাংলা






