সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বার সভাপতি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বিচার বিভাগের মর্যাদা ও স্বচ্ছতা পুনরুদ্ধারে এসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি। এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ সামগ্রিক পরিবেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিও তুলে ধরেন তিনি।
সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে এক শুনানিতে উদ্ভূত পরিস্থিতির প্রসঙ্গ টেনে ব্যারিস্টার খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছেন। এমন সংকটময় মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে আসা বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: মানবজমিন








