কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বহুল প্রচলিত একটি প্রোগ্রামিং ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। বুধবার ও বৃহস্পতিবারজুড়ে চলা এই জটিলতায় জাপানের প্রধানমন্ত্রীর ওয়েবসাইট থেকে শুরু করে জার্মানির বিভিন্ন হাসপাতাল এবং ফ্রান্সের কর বিভাগের ডিজিটাল সেবাসমূহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তবে এই ঘটনা দেখিয়ে দিয়েছে, ইন্টারনেটনির্ভর জীবনে একটি সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটিও কতটা ব্যাপক প্রভাব ফেলতে পারে।
নিরাপত্তা গবেষকদের শনাক্ত করা এই ত্রুটিটি পিএইচপি ভাষার সঙ্গে সম্পর্কিত। সম্ভাব্য বড় ধরনের সাইবার হামলা এড়াতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠানগুলো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুত নিরাপত্তা হালনাগাদ বা প্যাচ ইনস্টল করার কাজ শুরু করে। অলাভজনক সংস্থা পিএইচপি ফাউন্ডেশন বুধবার সকালেই ত্রুটি সংশোধনের জন্য প্যাচ প্রকাশ করে, যার ফলে অনেক প্রতিষ্ঠান দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে অনেক ক্ষেত্রে এক দিনেরও কম সময়ের মধ্যে সেবাগুলো আবার চালু করা সম্ভব হয়।
ডিজিটাল প্রযুক্তিনির্ভর দেশ ফিনল্যান্ডে সরকারি ওয়েবসাইটগুলো বন্ধ থাকায় নাগরিকদের দৈনন্দিন কাজকর্মে স্থবিরতা নেমে আসে। হেলসিঙ্কির সফটওয়্যার নির্মাতা ও নগর রাজনীতির সঙ্গে যুক্ত কালে পুসা জানান, এসব সেবা বর্তমানে সমাজের অবিচ্ছেদ্য অংশ। তিনি স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একটি সেবা গ্রহণের জন্য ওয়েবসাইটের ওপর নির্ভরশীল ছিলেন, যা বিঘ্নিত হওয়ায় তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এতে নাগরিকদের দৈনন্দিন কিছু কাজও আটকে যায়।
যুক্তরাজ্য সরকার সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে তাদের অন্তত ৩২টি অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে। একইভাবে জার্মানির বার্লিন ও মিউনিখের মতো বড় শহরগুলোর পাশাপাশি বিভিন্ন অঞ্চলের ওয়েবসাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যানোভার মেডিকেল স্কুল কর্তৃপক্ষ অবশ্য ব্যবহারকারীদের আশ্বস্ত করে জানিয়েছে যে, তাদের হাসপাতাল হ্যাক হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ঝুঁকি এড়াতে ওয়েবসাইট বন্ধ রাখার পরামর্শ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ শেষ না হওয়া পর্যন্ত তার সরকারি ওয়েবসাইটের প্রবেশাধিকার স্থগিত ছিল। এর মধ্যে নাগরিকদের ডিজিটাল পরিচয়পত্র এবং অপরাধের তথ্য জানানোর পোর্টালগুলোর মতো গুরুত্বপূর্ণ সেবাও অন্তর্ভুক্ত ছিল। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে নেদারল্যান্ডসেও। ওয়ার্ডপ্রেস ও ড্রুপালের মতো জনপ্রিয় সেবা তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, যুক্তরাজ্যে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটার্স’-এর ওয়েবসাইটেও সাময়িকভাবে ত্রুটির বার্তা দেখা যায়।
ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ত্রুটিটি জানাজানি হওয়ার আগের কয়েক ঘণ্টায় এটি কাজে লাগিয়ে অনুপ্রবেশের হাজারো চেষ্টা রেকর্ড করা হয়েছে। ত্রুটি প্রকাশ্যে আসার প্রথম ৪৫ মিনিটে এমন প্রচেষ্টার সংখ্যা দশ হাজার ছাড়ায় এবং মাত্র দুই ঘণ্টার মধ্যে তা কয়েক লাখে ও পরবর্তীতে কয়েক মিলিয়নে পৌঁছায়।
নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী, এই ত্রুটি ব্যবহার করে হ্যাকাররা সার্ভারের নিয়ন্ত্রণ নিতে, সংবেদনশীল তথ্য চুরি করতে এমনকি ওয়েবসাইটের বিষয়বস্তু বিকৃত করতে পারত। নিউইয়র্কের সফটওয়্যার ডেভেলপার শেথ কফম্যানের মতে, বিশ্বজুড়ে প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পিএইচপি ভিত্তিক হওয়ায় বিশালসংখ্যক সার্ভার ঝুঁকির মুখে ছিল। কেনিয়ার নাইরোবিতে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী অ্যান্থনি ওয়াম্বুয়া দ্রুত হালনাগাদের গুরুত্বের কথা বললেও সরকারি ক্ষেত্রে ধীরগতির প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেন। সাম্প্রতিক বছরগুলোতে পিএইচপির ব্যবহার কমতে থাকলেও বিভিন্ন হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে ভাষাটি ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই প্রোগ্রামিং ভাষাটি সহজ ও বিনা মূল্যে পাওয়া যায় বলে এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই বিঘ্ন বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের যোগাযোগসেবা প্রদানকারী অ্যালিস্টার গ্লিভস। তার মতে, বড় প্রতিষ্ঠানের তুলনায় ছোট ব্যবসায়ীদের জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল এবং অনেকের ওয়েবসাইট সাত ঘণ্টা পর্যন্ত বন্ধ ছিল। তবে এআই ব্যবহার করে এই দুর্বলতা চিহ্নিত হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে বৃহত্তর সাইবার বিপর্যয় রোধে সহায়ক হতে পারে। ফ্রান্সে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কর বিভাগের কিছু অনলাইন সেবা স্বাভাবিক হতে সময় লেগেছে। কিন্তু বুধবার ও বৃহস্পতিবার সেগুলোর বিঘ্নে দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








