সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই পদক্ষেপকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। উত্তাল পরিস্থিতির মধ্যে ক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে পুলিশের পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। এ সময় আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওসির ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে।
সূত্র: প্রথম আলো








