আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম রুটে নিজেদের ফ্লাইট কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে কাতার এয়ারওয়েজ। রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত উক্ত দুই রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক দাপ্তরিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের চরম সতর্কবার্তা কাতারের।
ফ্লাইট সূচিতে কেবল স্থগিতাদেশই নয়, জেদ্দা রুটেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগে এই রুটে প্রতিদিন সাতটি করে ফ্লাইট পরিচালিত হলেও এখন তা কমিয়ে দিনে চারটি ফ্লাইটে নামিয়ে আনা হয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতার এই পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলের বর্তমান সময়সূচি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বিদ্যমান পরিস্থিতিতে যেসব যাত্রীর আগে থেকেই টিকিট বুক করা আছে, তাদের ভোগান্তি কমাতে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। এয়ারলাইন্সটির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা যেন ফ্লাইট ছাড়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে তাদের সাথে সরাসরি যোগাযোগ করেন।
যাত্রীদের যেকোনো ধরনের বুকিং আপডেট, টিকিট পুনঃনির্ধারণ কিংবা ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সরাসরি এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগ করেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ বাংলা








