পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ: শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার ৬টি উপায়

প্রকাশ:

দীর্ঘদিনের সম্পর্কের সমাপ্তি টানা মানসিক ও সামাজিকভাবে বেশ চ্যালেঞ্জিং। বিচ্ছেদের সিদ্ধান্তে রাগ, দুঃখ বা অনিশ্চয়তা থাকা স্বাভাবিক। তবে বর্তমানে তিক্ততা এড়িয়ে পারস্পরিক সমঝোতা বা মিউচুয়াল সেপারেশনের মাধ্যমে সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রবণতা বাড়ছে। দ্য সেপারেশন গাইড, বুরা রবিনসন ফ্যামিলি লইয়ার্স এবং অ্যাবি মেডকাফের মতো প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের মতে, বিচ্ছেদের বিষয়টি শান্তভাবে সম্পন্ন করতে কয়েকটি ধাপ অনুসরণ করা প্রয়োজন।

বিচ্ছেদের আলোচনার আগে নিজের আবেগ সামলানো ও আর্থিক বিষয় গুছিয়ে নেওয়া সবচেয়ে জরুরি। আয়কর রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট, সম্পদের তালিকা এবং ঋণের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে রাখুন। নিজের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই স্বচ্ছ ধারণা থাকা ভালো। আলোচনার জন্য এমন একটি নিরিবিলি ও ব্যক্তিগত স্থান নির্বাচন করুন, যেখানে উভয় পক্ষই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সন্তানদের বা পরিবারের সদস্যদের সামনে এমন আলোচনা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

আলোচনা শুরুর সময় অভিযোগ কিংবা দোষারোপ না করে নিজের সিদ্ধান্ত স্পষ্টভাবে জানান। দ্য সেপারেশন গাইড ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত দুজনার জন্য গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা, কাউকে ছোট করা নয়। আলোচনা চলাকালে সঙ্গীর অনুভূতিকেও গুরুত্ব দিন। তিনি কী বলতে চান বা তাঁর উদ্বেগগুলো কী, তা ধৈর্য ধরে শুনুন। যদি উত্তেজনার সৃষ্টি হয়, তবে আলোচনার মাঝে সাময়িক বিরতি নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ দিন।

সন্তানদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া একান্ত কাম্য। বিচ্ছেদের প্রক্রিয়ায় সন্তানদের কোনোভাবেই পক্ষ নিতে বাধ্য করা বা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। তাদের দৈনন্দিন রুটিন যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করুন এবং তাদের ভবিষ্যতের দায়িত্ব ও দেখাশোনার বিষয়টি আগেই একটি সাময়িক পরিকল্পনার আওতায় আনুন।

বিচ্ছেদের সময়কার সমঝোতা ও সিদ্ধান্তগুলো লিখিত আকারে রাখা ভালো। এটি পরবর্তী ভুল বোঝাবুঝি বা জটিলতা কমাতে সহায়তা করে। যদি নিজেদের মধ্যে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হয়, তবে একজন পেশাদার মধ্যস্থতাকারী, আইনজীবী বা কাউন্সেলরের সহায়তা নিতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, শান্তিপূর্ণ বিচ্ছেদের মূল উদ্দেশ্য হলো একে অপরের প্রতি সম্মান বজায় রেখে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়া, যা দীর্ঘমেয়াদে দুপক্ষের জন্যই মঙ্গলজনক।

শেয়ার করুন