রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বাঘাইহাট উজোবাজার এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছিল। এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে অবরোধ ডাকা হলেও প্রশাসনের আশ্বাসে এবং দুর্গাপূজার কারণে তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার থেকে পুনরায় তারা মাঠে নামে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে অবরোধকারীরা বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে যৌথবাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) পাহারায় সকালে ২ হাজার ৯৩৩ জন পর্যটককে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়। জানা যায়, অবরোধের জেরে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন, যাদের পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়।
পথে বাঘাইহাট উজোবাজার এলাকায় অবরোধকারীরা পর্যটকদের গাড়িবহর আটকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অবরোধকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সাজেকের বিভিন্ন দুর্গম এলাকায় অন্য দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির খবর পাওয়া গেছে। বেশ কয়েক রাউন্ড উভয়ের মধ্যে গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পিছু হটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন জরুরি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যার পর থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় পর্যটকদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে সাজেক ছাড়ার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে সাজেক থেকে পর্যটকদের সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাজেক থেকে আসা পর্যটকদের গাড়িবহর নিরাপদেই খাগড়াছড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত কর্মকর্তারা। সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশনা: উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, যা বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে বলবৎ হয়েছে।
সূত্র: যুগান্তর








