শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠির সত্যতা নিয়ে ধোঁয়াশা

প্রকাশ:

দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে ইমেইলের মাধ্যমে আসা একটি চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানানো হয়েছে। তবে এই চিঠিটি আদৌ শেখ হাসিনার অনুমোদনে পাঠানো হয়েছে কিনা, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, চিঠিটি লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে পাঠানো হয়েছে। কিন্তু এতে শেখ হাসিনার ব্যক্তিগত কোনো সম্মতি বা অনুমোদনের অকাট্য প্রমাণ না থাকায় এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এই নথিপত্রটি ইতিমধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, হাইকমিশন ইমেইল মারফত একটি চিঠি পেয়েছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাফ জানিয়ে দিয়েছেন যে, পলাতক শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেয়া হবে না। আইনত কোনো পলাতক আসামি পাসপোর্ট পাওয়ার যোগ্য কি না— এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান, এ ধরনের কোনো সুযোগ নেই। এছাড়া তিনি ভারতের প্রতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তার শাসনামল শেষ হওয়ার দুই বছরেরও বেশি সময় পর এই পদক্ষেপের ফলে দেশে নতুন করে আইনি ও রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার কর্তৃক তার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে এই আবেদন করা হয়েছে। চিঠিতে দাবি করা হয় যে, শেখ হাসিনার পক্ষে নতুন পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তবে সামগ্রিক এই ঘটনাপ্রবাহে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ কৌতূহল ও জটিলতার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন