ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার নিয়মিত সরকারি কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারত থেকে তাকে ফিরিয়ে আনা এখন জরুরি এবং সরকার তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে চায়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘সুতরাং আমি এটুকু বলছি, আমাদের সরকার মনে করে কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইড করবো।
শেখ হাসিনার প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন নিয়ে ভারতের পক্ষ থেকে আইনি জটিলতার যে কথা বলা হয়েছে, সে বিষয়ে ডা. জাহেদ বলেন, আইনি প্রসেস চললে সেটি আদালত পর্যন্ত গড়াতে পারে, তবে সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, শেখ হাসিনা কেবল অভিযুক্ত নন, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। তার বিরুদ্ধে রায়ের পর আইনি জটিলতা থাকার সুযোগ কম। উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা নিজেই যেহেতু বাংলাদেশে আসতে ইচ্ছুক বলে শোনা যাচ্ছে, তাই তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকারের কোনো বাধা থাকার কথা নয়। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে।
মানবাধিকারের বিষয়ে উপদেষ্টা বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধ বা ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির দায়ে অভিযুক্তদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, যা আইনসম্মত। তিনি বলেন, মানুষ খুন করা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ—এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে, যা দেশের সাধারণ মানুষ বোঝেন। শেখ হাসিনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমেই সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তার ভাষ্যমতে, ভারত সরকারকে এই প্রত্যর্পণ প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে কারণ এটি একটি আইনি বাধ্যবাধকতা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটির যে আইন আছে, অভিযুক্ত যারা আছেন তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।’।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান আরও পরিষ্কার করেন যে, অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে রাষ্ট্রের যে কঠোর আইনি বিধান রয়েছে, সরকার তা মেনেই এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আইনি জটিলতা হিসেবে যে কারণগুলোর কথা বিভিন্ন সময় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সেগুলোর কার্যকারিতা আর নেই। সরকারের লক্ষ্য হলো দণ্ডপ্রাপ্ত এই আসামিকে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা এবং দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা।
সূত্র: মানবজমিন








