গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তারা মুকসুদপুর থানায়ও আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকায় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপির এমপি সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় হেলমেট পরিহিত নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ মহড়া দিচ্ছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে কর্মীরা এতে যোগ দিচ্ছেন। এর আগে বুধবার রাতভর ঢাকা-খুলনা মহাসড়কসহ গোপালগঞ্জের একাধিক আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেছিল ছাত্রলীগের কর্মীরা। উল্লেখ্য, মঙ্গলবারও টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
সূত্র: মানবজমিন








