আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে

প্রকাশ:

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। আদালতের প্রেসিডেন্ট ও বিচারক ইওয়াসাওয়া ইউজি রায়ের পর্যবেক্ষণে জানান, ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত শুদ্ধি অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যার প্রমাণ পাওয়া গেছে। আদালত নিশ্চিত করেছে যে, নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে নির্বিচার হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের মতো অপরাধে জড়িত ছিল। এছাড়া রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। রায়ের পর্যবেক্ষণে ২০১৭ সালের আগস্টে সামরিক অভিযান শুরুর আগের ঘটনাগুলোর কথাও তুলে ধরা হয়েছে।

বিচারক ইওয়াসাওয়া ইউজি স্পষ্ট করেছেন যে, ২০১৭ সালের সামরিক অভিযান শুরুর আগে রাখাইনে নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) হামলা এবং বিভিন্ন গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা আদালত আমলে নিয়েছে। তবে এসব ঘটনার অজুহাতে নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে যে ব্যাপক বেসামরিক প্রাণহানি, যৌন সহিংসতা ও নৃশংসতা চালানো হয়েছে, তার পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ আদালত পর্যালোচনা করেছে। রায়ে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে, নিজস্ব ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিচয় থাকা এই জনগোষ্ঠীর ওপর কয়েক দশক ধরে মিয়ানমার বৈষম্যমূলক আচরণ ও বিধিনিষেধ আরোপ করে আসছে। আদালতের মতে, রোহিঙ্গারা একটি সুরক্ষিত জাতিগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য। বিচারক বলেন, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে এলেও বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে ধীরে ধীরে তাদের অধিকার খর্ব করা হয়েছে। তারা নিজেদের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেয়।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, মিয়ানমারের সামরিক বাহিনী কেবল পুরুষদেরই হত্যা করেনি, বরং শিশুদের ওপরও চরম নৃশংসতা চালিয়েছে। প্রাণ বাঁচাতে যারা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এছাড়া বিচারক ইউজি উল্লেখ করেন যে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধের নিরপেক্ষ তদন্ত করতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। দেশটি তথ্য প্রদান এবং সাক্ষীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অসহযোগিতার পরিচয় দিয়েছে, যা রায় প্রদানের সময় আদালত বিবেচনায় নিয়েছে। বিদ্বেষমূলক বক্তব্য ব্যবহার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দেওয়ার বিষয়টিও আদালতে উঠে এসেছে। প্রয়োজনীয় তথ্য সরবরাহের পাশাপাশি সাক্ষ্যপ্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতেও দেশটি অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য যে, ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করেছিল। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে এই আইনি লড়াই শুরু হয়। ২০১৭ সালের আগস্টে শুরু হওয়া সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন।

মিয়ানমার বরাবরই রোহিঙ্গাদের বিরুদ্ধে আনা গণহত্যার এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আরসার হামলার বিপরীতে কেবল সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে আইসিজে-র বর্তমান রায়কে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আদালতটি রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতা নির্ধারণ করে থাকে, ব্যক্তিগতভাবে কোনো সামরিক কর্মকর্তার ফৌজদারি অপরাধের বিচার এখানে সম্পন্ন হয় না। এই রায়ের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলের অবস্থান আরও স্পষ্ট হলো। তাদের প্রান্তিক অবস্থানে ঠেলে দিয়ে অত্যন্ত অরক্ষিত পরিস্থিতি তৈরি করা হয়েছে।

শেয়ার করুন