সৌদি ও কাতারে মোসাদ এজেন্ট আটকের দাবি মার্কিন সাংবাদিকের

প্রকাশ:

মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন দাবি করেছেন যে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে সৌদি আরব ও কাতারে গ্রেফতার করা হয়েছে। সোমবার নিজের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। তবে কার্লসনের এই দাবির স্বপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

কার্লসনের মতে, ইরানকে কোণঠাসা করার পাশাপাশি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কুয়েতের মতো দেশগুলোতে অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যে ইসরাইল এই অপতৎপরতা চালাচ্ছে। তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য ইসরাইল সুপরিকল্পিতভাবে কাজ করছে।

উল্লেখ্য যে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এক যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর জের ধরে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা সাত শতাধিক ড্রোন ও কয়েকশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষের অন্তত পাঁচ শতাধিক স্থাপনায় আঘাত হেনেছে।

সংঘাতের এই উত্তপ্ত পরিস্থিতিতে সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত সৌদি আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার পর সেখানে সীমিত আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই হামলার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের পাল্টা অভিযোগ, আরব দেশগুলোতে থাকা ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিজেরাই এই ড্রোন হামলা চালাচ্ছে। তাদের ভাষ্যমতে, ইরানকে লক্ষ্য করে হামলার উস্কানি দিতেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে, যার চূড়ান্ত লক্ষ্য মুসলিম বিশ্বে একটি বড় ধরনের সংঘাত ছড়িয়ে দেওয়া।

শেয়ার করুন