মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া গাজা শান্তি পরিষদের এক জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করে বলেছেন, ২০ দফা পরিকল্পনার আওতায় ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে গাজার নিয়ন্ত্রণ আবারো জাতিসংঘের হাতে তুলে দেওয়া হতে পারে। এই বিষয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট তথ্য প্রকাশ করেছে। ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন এবং হোয়াইট হাউসে কাজ করার অভিজ্ঞতা থাকা কাউন্সিলের উপদেষ্টা জশ গ্রুয়েনবাম জানিয়েছেন, তারা ইসরাইলকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিয়েছেন। কিন্তু দেশটির বর্তমান নেতৃত্ব তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করছে, যা অত্যন্ত হতাশাজনক।
গ্রুয়েনবাম সুস্পষ্টভাবে জানিয়েছেন, ইসরাইলি নেতৃত্ব যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসতে চায়, তবে তা যেন সরাসরি জানিয়ে দেওয়া হয়। তিনি বলেন, এমন পরিস্থিতিতে তারা গাজার প্রশাসনিক চাবি জাতিসংঘের হাতে অর্পণ করতে প্রস্তুত। গত সপ্তাহে ইসরাইল সফরকারী কাউন্সিলের সদস্যদের তৈরি একটি উপস্থাপনা বা প্রেজেন্টেশনে বিষয়টি উঠে এসেছে। ওই নথির শেষ অংশে পরিকল্পনাটি পরিত্যক্ত হলে সম্ভাব্য বেশ কিছু পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন প্রশাসনের নতুন পরিকল্পনা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গাজার দায়িত্ব গ্রহণ অথবা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর।
প্রেজেন্টেশনে উল্লেখিত বিকল্পগুলোর মধ্যে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর সম্পৃক্ততা, হামাসের পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কিংবা গাজার মানবিক ও প্রশাসনিক সব দায়ভার ইসরাইলের ওপর চাপানোর মতো বিষয়গুলোও রয়েছে। অপর একটি স্লাইডে জানানো হয় যে, হামাস গত জুলাই মাসে এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিল। তখন সংগঠনটি অস্ত্র সমর্পণ এবং গাজার শাসনব্যবস্থা পরিচালনার জন্য একটি প্রযুক্তিগত কমিটি বা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল।
বর্তমানে পুরো প্রক্রিয়াটি একটি বড় ধরনের অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রুয়েনবাম। তিনি দাবি করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ভেতরে থাকা কিছু রাজনৈতিক গোষ্ঠী শান্তি প্রক্রিয়ার অগ্রযাত্রায় বাধা দিচ্ছে। এর ফলে হামাস আসলেই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে কি না, তা যাচাই করার সুযোগও হাতছাড়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: দৈনিক আমার দেশ








