ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ২৭ নভেম্বর পর্যন্ত

প্রকাশ:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাই দারুসসালামে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। সংস্থাটির মাধ্যমে ব্রুনাইয়ের ১৯টি কোম্পানিতে বিভিন্ন পদে সর্বমোট ৩৭০ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ২২ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী প্রার্থীদের https://www.oep.gov.bd/job-circulars পোর্টালে যোগাযোগ করতে হবে। আবেদন করার সময় ১০০ টাকা ও প্রয়োজনীয় সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে, যা অফেরতযোগ্য। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে প্রার্থীর বয়স পদভেদে ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ে নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে। বেশিরভাগ পদের জন্য দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদের কর্মীদের মাসিক বেতন ৬৫০ ডলার প্রদান করা হবে। নির্বাচিত কর্মীদের সাথে দুই বছর মেয়াদী নবায়নযোগ্য শ্রম চুক্তি করা হবে যেখানে দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত থাকবে। ওভারটাইম, চিকিৎসা, বীমা ও ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কোম্পানি কর্মীদের বিমান ভাড়া ও আবাসনের ব্যবস্থা করবে, তবে খাবারের খরচ কর্মীকে নিজের বহন করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত নির্বাচিত কর্মীদের নির্ধারিত পরিমাণ টাকা পে-অর্ডার করতে হবে।

এর মধ্যে দক্ষ কর্মীরা ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীরা ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে সংগ্রহ করে জমা দেবেন।

এছাড়া ভিসা ফি ও মেডিক্যাল পরীক্ষার যাবতীয় খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে। ইংরেজি বা মালয় ভাষায় পারদর্শী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

প্রতারণা এড়াতে বোয়েসেল বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি স্পষ্ট করেছে যে, তাদের কোনো সাব-এজেন্ট বা শাখা কার্যালয় নেই এবং তারা সরাসরি কোনো নগদ অর্থ গ্রহণ করে না। তাই নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইন্টারভিউ বা নির্বাচনের তালিকা শুধুমাত্র বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট (boesl.gov.bd), ফেসবুক পেজ এবং BOESL পোর্টাল থেকে জানা যাবে। এছাড়া ০১৫৫২১৪৬৫৫৬ নম্বর থেকে প্রার্থীদের এসএমএস পাঠানো হতে পারে। জরুরি প্রয়োজনে ০১৭৬৫-৪১১৬৫৩ বা ওইপি হটলাইন ০৯৬১৮৮৮৪২৭১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি BOESL লেখা পোর্টাল অথবা 01552146456 নম্বর থেকে প্রার্থীদের এসএমএস পাঠানো হবে।

শেয়ার করুন