ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বেশ কিছু নীতি পরিবর্তনের জোরালো অঙ্গীকার করেছেন। গত মঙ্গলবার নেসেটে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান। তার সামনে এখন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহের সময় রয়েছে। এই প্রক্রিয়া সফল হলে ইসরাইলের ইতিহাসের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নেতানিয়াহুর শাসনের অবসান ঘটবে।
নতুন সরকার গঠনের আগেই আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে আইজেনকোটের জোট। তাদের প্রস্তাবিত বিলগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি সরকারি কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং নেতানিয়াহু সরকারের বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার বিতর্কিত সংস্কারগুলো বাতিল করা। পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন সরকার গঠনের পূর্বেই তারা এই আইনগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।
এই আইন প্রণয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিরোধী জোট বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে সেখানে আইজেনকোটের দল ইয়াশারের জ্যেষ্ঠ নেতা মাতান কাহানাকে মনোনয়ন দিয়েছে। পার্লামেন্টে কোন বিল আলোচনার জন্য আসবে, তা স্পিকার নির্ধারণ করেন। নতুন স্পিকার নিয়োগের মাধ্যমে বিরোধী জোট তাদের আইন প্রণয়নের এজেন্ডা এগিয়ে নিতে চায়। আইজেনকোট সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও খোলা রেখেছেন। তবে শর্ত হিসেবে তিনি তাদের ইসরাইলের ইহুদি রাষ্ট্রীয় পরিচয় মেনে নেওয়া এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।
নেতানিয়াহু আরব রাজনীতিকদের জোট গঠনের সমালোচনা করে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে আইজেনকোট ক্ষুব্ধ হন। তিনি নেতানিয়াহুর এই বক্তব্যকে বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ আখ্যা দিয়ে বলেন, তিনি আর এক মিনিটও ক্ষমতায় থাকার যোগ্য নন। এই ঘটনার পর তিনি লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন। বর্তমানে নতুন পার্লামেন্টের শপথ হলেও নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র: দৈনিক আমার দেশ








